ক্যামেরা বাইরে থেকে দেখা যায় না। গেমে NAT Strict দেখায়। নিজের সার্ভারে বাইরে থেকে ঢোকা যায় না। তিনটি আলাদা সমস্যা, অথচ মূল কারণ একটাই: আপনার সংযোগের নিজস্ব পাবলিক ঠিকানা নেই।
IPv6-এর সুবিধা নিয়ে যে তালিকাগুলো ঘোরে, সেগুলোর বেশিরভাগই একই কথা দোহরায়: ইন্টারনেট দ্রুত হবে, নিরাপত্তা বাড়বে, বাফারিং কমবে। এর কিছু সত্যি, কিছু বাড়িয়ে বলা, আর কিছু শুধু তত্ত্বে সত্যি — বাস্তবে আপনি টেরই পাবেন না।
এখানে নয়টি পরিচিত দাবি একে একে যাচাই করা হয়েছে। দেখা যাবে কোথায় IPv6 সত্যিই জেতে, কোথায় ড্র, আর কোথায় IPv4 এখনো এগিয়ে।
IPv6 benefits: নয় রাউন্ডের হিসাব
| বিষয় | IPv4 (CGNAT-এর পেছনে) | IPv6 |
|---|---|---|
| আপনার ঠিকানা | ভাগ করা, অন্য গ্রাহকদের সাথে | প্রতিটি ডিভাইসের নিজস্ব |
| বাইরে থেকে সংযোগ | প্রায় অসম্ভব | সম্ভব — ফায়ারওয়াল নিয়মে, দুই প্রান্তে IPv6 থাকলে |
| গেমে NAT | প্রায়ই Strict | গেম সমর্থন করলে বাধা নেই |
| প্যাকেজের সর্বোচ্চ গতি | প্যাকেজ আর Wi-Fi ঠিক করে | একই — প্যাকেজ আর Wi-Fi ঠিক করে |
| ল্যাটেন্সি ও মসৃণতা | CGNAT ভারী থাকলে থেমে থেমে চলতে পারে | CGNAT পার হতে হয় না, সাধারণত স্থিতিশীল |
| ব্লকলিস্ট আর অপব্যবহার শনাক্ত | একজনের দোষে ভাগ করা ঠিকানা আটকাতে পারে; গ্রাহক চিনতে বাড়তি লগ লাগে | সাধারণত গ্রাহকভিত্তিক প্রিফিক্স, তাই ব্লক আর শনাক্ত আরও নির্দিষ্ট |
| ডিভাইসের নিজের সুরক্ষা (HTTPS ইত্যাদি) | HTTPS | HTTPS (একই) |
| বাইরে থেকে ডিভাইস ঢাকা | NAT-এর কারণে আপনাআপনি | রাউটারের ফায়ারওয়ালের উপর নির্ভর |
| সব সাইট আর ডিভাইসে কাজ করা | হ্যাঁ | প্রায় সবখানে, সবখানে নয় |
রাউন্ড বাই রাউন্ড
ঠিকানার সংখ্যা
IPv6IPv4-এ মোট ঠিকানা প্রায় ৪৩০ কোটি, আর এশিয়া-প্রশান্ত অঞ্চলে APNIC-এর স্বাভাবিক বরাদ্দ থেমে গেছে ২০১১ সালেই। তারপর থেকে ISP-রা একটি ঠিকানার পেছনে অনেক গ্রাহককে বসিয়ে চালাচ্ছে।
IPv6-এ ঠিকানা ২¹²⁸টি, কার্যত অফুরান। গ্রাহকপ্রতি সাধারণত একটি /64 বা /56 ব্লক দেওয়া হয়, তাই ঠিকানা বাঁচানোর হিসাবটাই আর থাকে না। এটাই IPv6-এর সবচেয়ে নিরেট, বিতর্কহীন সুবিধা — বাকি সুবিধাগুলোর বেশিরভাগ এখান থেকেই আসে।
বাইরে থেকে সংযোগ (CCTV, NAS, রিমোট ডেস্কটপ)
IPv6CGNAT-এর পেছনে থাকলে আপনার নিজস্ব পাবলিক ঠিকানা নেই, তাই বাইরে থেকে কেউ আপনার ক্যামেরা বা সার্ভারে সরাসরি পৌঁছাতে পারে না। পোর্ট ফরওয়ার্ড করেও কাজ হয় না, কারণ পোর্টটা আপনার হাতে নেই।
IPv6-এ প্রতিটি ডিভাইসের নিজস্ব পাবলিক ঠিকানা থাকে। রাউটারের ফায়ারওয়ালে ওই ডিভাইস আর পোর্টের জন্য অনুমতি খুলে দিলেই বাইরে থেকে পৌঁছানো যায়। (IPv6-এ একে বলে ফায়ারওয়াল নিয়ম, “পোর্ট ফরওয়ার্ড” নয়; অপশনের নাম রাউটারভেদে আলাদা।)
একটা শর্ত আছে: যে নেটওয়ার্ক থেকে আপনি দেখছেন সেটিতেও IPv6 থাকতে হয়, নইলে সরাসরি পৌঁছানো যায় না। তাই বাস্তবে অনেকে এখনো ক্লাউড বা P2P অ্যাপ, নয়তো আলাদা পাবলিক IPv4 ব্যবহার করেন।
অনলাইন গেমিং
IPv6 (গেম সমর্থন করলে)কনসোল বা গেমে NAT Type Strict দেখানোর সাধারণ কারণ CGNAT বা ডাবল NAT। ফল: ম্যাচমেকিংয়ে দেরি, ভয়েস চ্যাটে কাটাকাটি, বন্ধুর লবিতে ঢুকতে না পারা।
IPv6 সমর্থন করে এমন গেম বা কনসোলে NAT-এর বাধাটাই থাকে না। তবে সব গেম IPv6 সমর্থন করে না, তাই লাভটা গেমভেদে আলাদা — এই রাউন্ডে IPv6 জেতে শর্তসাপেক্ষে।
ডাউনলোড-আপলোডের গতি
সমান“IPv6 মানে বেশি গতি” — সবচেয়ে বেশি বলা দাবি। ডাউনলোড বা স্ট্রিমের সর্বোচ্চ গতি ঠিক করে আপনার প্যাকেজ, ISP-র ব্যাকবোন আর ঘরের Wi-Fi — ঠিকানার ধরন নয়।
কিছু মাপে IPv6 দ্রুত দেখা গেছে ঠিকই, কিন্তু APNIC-এর প্রকাশিত একটি বিশ্লেষণে খোদ গবেষকও বলেছেন কারণটা জানা নেই; সম্ভাব্য ব্যাখ্যা নেটওয়ার্কের গঠন আর মাপার পদ্ধতি, প্রোটোকল নিজে নয়। IPv6-এর হেডার তত্ত্বে সরল, কিন্তু ব্যবহারকারী তা টের পান না। মসৃণতার প্রশ্নটা আলাদা, সেটা পরের রাউন্ডে।
মসৃণতা আর ল্যাটেন্সি
IPv6 (CGNAT ভারী হলে)ব্যান্ডউইথ আর মসৃণতা এক জিনিস নয়। CGNAT-এর পেছনে আপনার প্রতিটি সংযোগ ISP-র একটি ভাগ করা যন্ত্রের ভেতর দিয়ে যায়, যেটি প্রতিটি সেশনের হিসাব রাখে। যন্ত্রটি সুস্থ আর ফাঁকা থাকলে বাড়তি দেরি সামান্য: RFC 7021-এর ল্যাব পরীক্ষায় গড় ল্যাটেন্সি প্রায় ২১২ থেকে ২৪০ মাইক্রোসেকেন্ডে উঠেছিল, যা কেউ টের পায় না।
কিন্তু একই পরীক্ষায় একাধিক ভিডিও স্ট্রিম একসাথে চালালে পারফরম্যান্স কমা আর বাফারিং বাড়া ধরা পড়েছে, আর কিছু ডিভাইস-সমন্বয়ে বড় ফাইল ট্রান্সফারও ধীর হয়েছে। সন্ধ্যার ব্যস্ত সময়ে CGNAT যন্ত্রে সেশনের চাপ বাড়লে এ ধরনের থেমে থেমে চলা দেখা দিতে পারে।
IPv6 ট্রাফিক CGNAT পার হয় না, তাই ওই ভাগ করা ধাপটা বাদ যায়। যেখানে CGNAT-ই বাধা, সেখানে ল্যাটেন্সি আর স্থিতিশীলতায় IPv6 এগিয়ে থাকতে পারে, যদি আপনি যে সাইট বা সেবায় যাচ্ছেন সেটিও IPv6 সমর্থন করে। CGNAT সুস্থ থাকলে পার্থক্য প্রায় মাপাই যায় না, তাই এই জয় শর্তসাপেক্ষ।
ব্লকলিস্ট আর অপব্যবহার শনাক্ত করা
IPv6CGNAT-এ একটি IPv4 ঠিকানা একসাথে অনেক গ্রাহক ব্যবহার করে। তাই একজনের অপব্যবহারে ঠিকানাটা ব্লকলিস্টে উঠলে বাকিরাও আটকে যান। RFC 6269 স্পষ্ট বলে: একটি ভাগ করা ঠিকানা ব্লক করলে সেটির সব গ্রাহকের ওপর নিষেধাজ্ঞা পড়ে, আর একজনের বারবার ভুল লগইনের চেষ্টা অন্যদের লগইনও আটকে দিতে পারে। Cloudflare-এর নভেম্বর ২০২৫-এর বিশ্লেষণে CGNAT-এর ঠিকানা রেট-লিমিটের শিকার হয়েছে অন্য ঠিকানার প্রায় তিনগুণ, অথচ বট ট্রাফিকের হার প্রায় একই (৪.৮% বনাম ৪.৭%)। দক্ষিণ এশিয়ায় এর প্রভাব তুলনামূলক বেশি।
দায়বদ্ধতার দিকটাও একই। ভাগ করা IPv4 ঠিকানা দেখে একজন নির্দিষ্ট গ্রাহককে চেনা যায় না; তার জন্য ISP-কে সোর্স পোর্টসহ বাড়তি লগ রাখতে হয় (RFC 6269)। IPv6-এ ISP সাধারণত প্রতিটি গ্রাহককে আলাদা প্রিফিক্স দেয়, ফলে অপব্যবহার হলে ব্লক বা তদন্ত সেই লাইনেই সীমিত থাকে, নির্দোষ প্রতিবেশীর ওপর নয়।
একটা সীমা মনে রাখা দরকার: এতে আপনার ডিভাইস নিজে থেকে বেশি সুরক্ষিত হয় না। বাড়ে ন্যায্যতা আর শনাক্তকরণের নির্ভুলতা। আর ব্লক অনেক সময় একটি ঠিকানার বদলে ঠিকানার পরিসর ধরে হতে পারে, তাই ঘরের একটি ডিভাইসের দোষে পুরো ঘরও আটকাতে পারে।
ডিভাইসের নিজের নিরাপত্তা আর গোপনীয়তা
সমানএখানেই বাড়িয়ে বলা সবচেয়ে বেশি। একসময় বলা হতো IPv6-এ IPsec এনক্রিপশন বাধ্যতামূলক। ২০১১ সালে (RFC 6434) সেটা “সুপারিশ”-এ নামানো হয়েছে, আর বর্তমান RFC 8504-ও তা-ই বলে। ওয়েবসাইট, ব্যাংকিং, মেসেঞ্জারের নিরাপত্তা আসে HTTPS থেকে, যা দুই ব্যবস্থাতেই একই। উল্টো দিকে NAT-এর কারণে ঘরের ডিভাইস আপনাআপনি বাইরে থেকে অদৃশ্য ছিল; IPv6-এ সেই আড়াল থাকে না, ফায়ারওয়ালই তখন ভরসা। ঘরোয়া রাউটারে বাইরে থেকে আসা সংযোগ সাধারণত ডিফল্টেই আটকানো থাকে, তবু একবার দেখে নেওয়া ভালো।
গোপনীয়তায় ছয় নম্বর রাউন্ডের সুবিধাটাই উল্টো দিকে ধারালো: সহজে শনাক্ত করা যায় মানে গোপন থাকাও কঠিন। স্থির প্রিফিক্স ঘরটাকে চেনার একটা সুতো হয়ে থাকে। তাই ডিভাইস বাইরে যোগাযোগে অস্থায়ী ঠিকানা ব্যবহার করে (RFC 8981: এক দিন পছন্দের, দুই দিন বৈধ), যা বেশিরভাগ আধুনিক অপারেটিং সিস্টেমে ডিফল্টেই চালু। দুই দিকেই কিছু পাওয়া, কিছু হারানো — তাই ড্র।
ভবিষ্যতের ডিভাইস (IoT)
IPv6স্মার্ট বাতি, ক্যামেরা, সেন্সর, মিটার — প্রতিটি অনলাইন ডিভাইসের একটা ঠিকানা লাগে। IPv4-এ এই সংখ্যা সামলাতে আরও স্তরের NAT জুড়তে হয়, যা ISP-র খরচ আর জটিলতা দুটোই বাড়ায়।
IPv6-এ প্রতিটি ডিভাইসের জন্য জায়গা আছে। আজ আপনার বাসায় হয়তো দশ-বারোটা ডিভাইস, কয়েক বছরে সেটা দ্বিগুণ হতেই পারে।
আরেকটা ছোট সুবিধা: SLAAC ব্যবস্থায় ডিভাইস নিজেই ঠিকানা বানিয়ে নেয়। তবে ঘরোয়া ব্যবহারকারীর চোখে IPv4-এর DHCP-ও সমান স্বয়ংক্রিয়, তাই এটা মূলত বড় নেটওয়ার্কের কাজে লাগে।
সবখানে কাজ করা
IPv4এখনো কিছু ওয়েবসাইট, সেবা আর পুরোনো ডিভাইস শুধু IPv4 জানে। এই রাউন্ডে IPv4 এগিয়ে।
তবে এটা “হয় এটা, নয় ওটা” বিষয় না। বাস্তবে ISP আর ডিভাইস dual stack চালায় — দুটো ঠিকানাই থাকে, যেটা কাজ করে সেটা ব্যবহার হয়। IPv6 পেলেও IPv4 হারান না।
আপনার জন্য কতটা জরুরি
IPv6 চালু হলে
- CGNAT-এর বাধা সরে যায়
- CGNAT ভারী থাকলে সংযোগ আরও মসৃণ হতে পারে
- ভাগ করা ঠিকানার কারণে অন্যের দোষে ব্লক হওয়ার ঝুঁকি কমে
- প্রতিটি ডিভাইস নিজস্ব ঠিকানা পায়
- IPv4 বন্ধ হয় না — dual stack-এ দুটোই চলে
- ভবিষ্যতের স্মার্ট ডিভাইসের জন্য জায়গা থাকে
মনে রাখবেন
- ডাউনলোডের সর্বোচ্চ গতি বাড়বে ভাবলে হতাশ হবেন
- রাউটারের ফায়ারওয়াল চালু আছে কি না দেখে নিতে হবে
- সহজে শনাক্তযোগ্য ঠিকানা মানে গোপনীয়তায় সতর্কতা দরকার
- পুরোনো রাউটারে IPv6 অপশন নাও থাকতে পারে
- বাইরে থেকে সংযোগে অন্য প্রান্তেও IPv6 লাগে
আপনার লাইনে IPv6 আছে কি না
যাচাইয়ের সবচেয়ে সহজ উপায় ব্রাউজারে ip6.bd খোলা। পাতার IPv6 অংশে 2xxx: দিয়ে শুরু হওয়া একটি ঠিকানা দেখালে আপনার লাইনে IPv6 চালু আছে। ফাঁকা বা “Not detected” দেখালে নেই। একই পাতায় IPv4 ঠিকানা আর ISP-র নামও দেখা যায়।
ঠিকানা ফুরানো, CGNAT আর IPv6-এর মূল ব্যবস্থা নিয়ে বিস্তারিত আছে আলাদা লেখায়: IPv6 কী, আর ইন্টারনেটের ঠিকানা ফুরিয়ে যাওয়ার পর কী বদলাল।
সাধারণ কিছু প্রশ্ন
IPv6 চালু করলে কি ইন্টারনেট দ্রুত বা মসৃণ হবে?
ডাউনলোডের সর্বোচ্চ গতি বাড়ে না; সেটা প্যাকেজ আর Wi-Fi ঠিক করে। তবে CGNAT ভারী থাকলে IPv6 ট্রাফিক সেই ধাপ এড়িয়ে যায়, ফলে সংযোগ বেশি মসৃণ আর স্থিতিশীল লাগতে পারে, বিশেষ করে ব্যস্ত সময়ে।
IPv6 এলে কি IPv4 বন্ধ হয়ে যাবে?
না। অনেক বছর দুটোই পাশাপাশি চলবে, যাকে বলে dual stack। বন্ধ হওয়ার কোনো নির্ধারিত তারিখও নেই।
IPv6 কি নিরাপত্তা বাড়ায়?
ডিভাইসের নিজের সুরক্ষা বাড়ে না; ওটা নির্ভর করে ফায়ারওয়াল, আপডেট আর HTTPS-এর ওপর। তবে নেটওয়ার্কের দিক থেকে একটা লাভ আছে: ঠিকানা ভাগ না হওয়ায় অন্যের অপব্যবহারে আপনার লাইন ব্লক হওয়ার সম্ভাবনা কমে, আর কোনো অপব্যবহার হলে সেটা নির্দিষ্ট লাইনে চিহ্নিত করা সহজ হয়।
IPv6-এ কি আমার সব ডিভাইস বাইরে থেকে খোলা থাকে?
না। ঘরোয়া রাউটারে ফায়ারওয়াল সাধারণত ডিফল্টেই চালু থাকে আর বাইরে থেকে আসা সংযোগ আটকে দেয়। ডিভাইসের নিজস্ব ঠিকানা থাকলেও অনুমতি না দিলে কেউ ঢুকতে পারে না। তবু রাউটারের ফায়ারওয়াল বন্ধ করে রাখবেন না।
গেমে NAT Strict দেখাচ্ছে, IPv6 চালু করলে কি ঠিক হবে?
গেম বা কনসোল IPv6 সমর্থন করলে হ্যাঁ, না করলে লাভ হবে না। কোন গেম কী সমর্থন করে সেটা গেমের নিজস্ব তথ্যে দেখে নিন।
আমার IPv6 ঠিকানা কি বদলায়?
বেশিরভাগ ঘরোয়া সংযোগে ISP-র দেওয়া প্রিফিক্স সময়ে সময়ে বদলাতে পারে। এছাড়া আপনার ডিভাইস গোপনীয়তার জন্য নিজে থেকেই অস্থায়ী ঠিকানা বানিয়ে বাইরে ব্যবহার করে, সেটি সাধারণত দু-একদিনেই বদলে যায়। এটি স্বাভাবিক আচরণ।
যাঁদের কাছে IPv6 আসল পার্থক্য গড়ে
- বাইরে থেকে CCTV বা NVR দেখেন
- গেমে NAT Strict-এ ভুগছেন
- ঘরে NAS বা নিজস্ব সার্ভার আছে
- রিমোট ডেস্কটপ বা VPN সার্ভার চালান
যাঁরা কিছুটা সুবিধা পাবেন
- শেয়ার্ড IP-র কারণে বারবার ব্লক বা ক্যাপচায় আটকানো
- সন্ধ্যার ভিড়ে থেমে থেমে চলা সংযোগ
- বাসায় অনেক স্মার্ট ডিভাইস
- ছোট অফিস বা দোকানের নেটওয়ার্ক
যাঁদের দৈনন্দিন ব্যবহারে ফারাক নেই
- ফেসবুক আর ব্রাউজিং
- ইউটিউব ও স্ট্রিমিং
- অনলাইন ক্লাস আর মিটিং
- ডাউনলোডের গতি