প্রশ্নটা টেক গ্রুপগুলোতে ঘুরেফিরে আসে — "ভালো DNS দিলে কি ওয়াই-ফাই দ্রুত হয়?" উত্তরে দুই দল তৈরি হয়ে যায়: একদল বলে 1.1.1.1 দিয়ে দিন, সব উড়বে; আরেক দল বলে ওসব কিছুই না।
সোজা উত্তরটা হলো — DNS-এর সাথে ওয়াই-ফাইয়ের কোনো সম্পর্ক নেই, আর সে ইন্টারনেটের গতিও বাড়ায় না। DNS ডেটা টানে না, সে শুধু নাম দেখে ঠিকানা বের করে দেয়। ওই কাজটা শেষ হয়ে যাওয়ার পর ডেটা আসা-যাওয়ার সাথে তার আর কোনো সম্পর্কই থাকে না।
কিন্তু "কিছুই না" বলাটাও ঠিক নয়। DNS বদলালে কিছু জিনিস সত্যিই বদলায় — শুধু সেগুলো গতি নয়। কী বদলায়, কী বদলায় না, কখন বদলানো কাজে দেয় আর কখন উল্টো ক্ষতি করে — সবটা ধরে ধরে দেখা যাক।
DNS আসলে কী করে
ইন্টারনেটে প্রতিটি সার্ভারের পরিচয় একটি সংখ্যার ঠিকানা দিয়ে। মানুষ সংখ্যা মনে রাখতে পারে না, তাই আমরা নাম লিখি। মাঝখানে যে ব্যবস্থাটি নামটাকে সংখ্যায় বদলে দেয়, সেটিই DNS।
পুরো ব্যাপারটা অনেকটা ফোনবুকের মতো। নাম দেখে নম্বর বের করা হলো DNS-এর কাজ; এরপর কথাটা কতক্ষণ চলবে, কত পরিষ্কার শোনা যাবে — তার সাথে ফোনবুকের আর কোনো সম্পর্ক নেই।
আরেকটি জিনিস মনে রাখা দরকার: এই খোঁজাটা প্রতি ডোমেইনে একবারই হয়। উত্তরটা এরপর আপনার ফোনে, ব্রাউজারে আর রাউটারে কিছুক্ষণের জন্য জমা থাকে। তাই কোনো সাইটে প্রথমবার ঢোকার সময় DNS-এর দেরিটুকু গুনতে হয়, পরের বার আর হয় না। একটি বড় পেজে ২০–৩০টি আলাদা ডোমেইন থাকতে পারে বলে প্রথম লোডে পার্থক্যটা কিছুটা টের পাওয়া যায় — কিন্তু সেটুকুই।
ভালো DNS-এ যা বদলায়
নাম খোঁজার দেরি
রিজলভার কত দ্রুত উত্তর দেয়, আর কতটা কাছে বসে আছে। পার্থক্যটা মিলিসেকেন্ডের — টের পাওয়া যায় শুধু নতুন সাইটে প্রথম ঢোকার সময়।
নিরাপত্তা ও ফিল্টারিং
কিছু রিজলভার ক্ষতিকর, ফিশিং বা বিজ্ঞাপনের ডোমেইনের উত্তর দিতেই অস্বীকার করে। পুরো বাসায় একসাথে কাজ করে, প্রতিটি ডিভাইসে অ্যাপ বসাতে হয় না।
নির্ভরযোগ্যতা ও গোপনীয়তা
রিজলভার সাড়া না দিলে ইন্টারনেট চালু থাকা সত্ত্বেও কোনো সাইট খোলে না। আর আপনি কোন নাম খুঁজছেন, সেটি রিজলভারের মালিক দেখতে পান।
বদলানোর আগে: আপনার ISP-র DNS প্রায়ই খারাপ নয়
এই অংশটা বেশিরভাগ গাইডে বাদ পড়ে যায়, অথচ বাংলাদেশে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
YouTube, Facebook বা বড় সাইটগুলোর কনটেন্ট প্রতিবার বিদেশ থেকে আসে না — দেশের ভেতরেই ক্যাশ সার্ভার বসানো থাকে। আপনি কোন ক্যাশ সার্ভারে যাবেন, সেটা ঠিক করে দেয় DNS-এর উত্তরটা। আর রিজলভার আপনাকে কাছের সার্ভারে পাঠাবে কি না, তা নির্ভর করে সে আপনার অবস্থান কতটা জানে তার উপর।
ISP-র নিজের রিজলভার আপনার অবস্থান ভালো জানে, তাই সে সাধারণত দেশের ভেতরের ক্যাশেই পাঠায়। বিদেশি পাবলিক রিজলভার কখনো কখনো দূরের সার্ভারে পাঠিয়ে দেয় — তাতে ডাউনলোড উল্টো ধীর হয়ে যেতে পারে।
তাই "1.1.1.1 দিলেই ভালো" কথাটা সর্বজনীন নয়। কোনো কোনো লাইনে ভালো হয়, কোনো কোনো লাইনে খারাপ। একমাত্র নিজের লাইনে মিলিয়ে দেখাই আসল পরীক্ষা।
কোনটা কীসের জন্য
পরিচিত রিজলভারগুলোর চরিত্র
- আপনার ISP-র DNS
- দেশের ভেতরের ক্যাশে সবচেয়ে ভালো রুট দেয় — বদলানোর আগে এটিই মাপকাঠি
- Cloudflare — 1.1.1.1
- দ্রুত ও গোপনীয়তামুখী; কোনো ফিল্টার নেই
- Cloudflare Family — 1.1.1.2
- ম্যালওয়্যার ও ফিশিং ডোমেইন আটকায়
- Cloudflare Family — 1.1.1.3
- ম্যালওয়্যারের সাথে প্রাপ্তবয়স্ক কনটেন্টও আটকায়
- Google — 8.8.8.8
- সবচেয়ে পরিচিত, প্রায় সব জায়গায় স্থিতিশীল; ফিল্টার নেই
- Quad9 — 9.9.9.9
- ক্ষতিকর ডোমেইন আটকায়, DNSSEC যাচাই করে
- AdGuard — 94.140.14.14
- বিজ্ঞাপন ও ট্র্যাকারের ডোমেইন আটকায়
- OpenDNS — 208.67.222.222
- পারিবারিক ফিল্টারিংয়ের পুরোনো ও পরিচিত বিকল্প
ঠিকানাগুলো — কপি করে নিন
Copy Ready- Cloudflare
- 1.1.1.1 · 1.0.0.1
- Cloudflare IPv6
- 2606:4700:4700::1111 · 2606:4700:4700::1001
- 8.8.8.8 · 8.8.4.4
- Google IPv6
- 2001:4860:4860::8888 · 2001:4860:4860::8844
- Quad9
- 9.9.9.9 · 149.112.112.112
- Quad9 IPv6
- 2620:fe::fe · 2620:fe::9
- Cloudflare Family
- 1.1.1.3 · 1.0.0.3
- AdGuard
- 94.140.14.14 · 94.140.15.15
- অ্যান্ড্রয়েড Private DNS
- one.one.one.one · dns.google · dns.quad9.net
নিজের লাইনে কোনটা দ্রুত — মেপে দেখুন
অন্যের অভিজ্ঞতা এখানে কাজে আসে না, কারণ কোন রিজলভার দ্রুত সেটা নির্ভর করে আপনি কোন ISP-তে, কোন শহরে আছেন তার উপর। ভাগ্যের বিষয়, মাপাটা এক মিনিটের কাজ।
লিনাক্স, ম্যাক বা অ্যান্ড্রয়েডের Termux-এ নিচের কমান্ডগুলো একে একে চালান। শেষ লাইনে নিজের রাউটারের ঠিকানাটা বসালে ISP-র রিজলভারের ফলও পাশাপাশি পেয়ে যাবেন।
# একই ডোমেইন, তিন রিজলভার — Query time মিলিয়ে দেখুন
dig @1.1.1.1 example.com | grep "Query time"
dig @8.8.8.8 example.com | grep "Query time"
dig @9.9.9.9 example.com | grep "Query time"
# আপনার রাউটার তথা ISP-র রিজলভার (ঠিকানা বদলে নিন)
dig @192.168.0.1 example.com | grep "Query time"
# Windows-এ PowerShell দিয়ে
# Measure-Command { Resolve-DnsName example.com -Server 1.1.1.1 }
কোথায় বদলাবেন
উপরের বাছাই থেকে নিজের জায়গাটা বেছে নিন — ধাপগুলো সেই অনুযায়ী বদলে যাবে।
বেছে নেওয়ার নিয়মটা সহজ: রাউটারে বদলালে একবারেই পুরো বাসা পেয়ে যায় — ফোন, ল্যাপটপ, টিভি, ক্যামেরা, সব। ডিভাইসে বদলালে শুধু সেটিই পায়, কিন্তু সেই ডিভাইসটি অন্য নেটওয়ার্কে গেলেও সঙ্গে নিয়ে যায়।
রাউটারে অপশন না থাকলে, কিংবা শুধু নিজের ফোনে চাইলে, ডিভাইসের পথটাই ধরুন। আর দুটোই করলে ডিভাইসের সেটিংসটি রাউটারেরটিকে ছাপিয়ে যাবে — সেটি মনে রাখলে পরে বিভ্রান্তি কমবে।
বদলানোটা কাজ করেছে কি না বুঝবেন যেভাবে
তিনটি জিনিস দেখলেই নিশ্চিত হওয়া যায় — শেষেরটি এই লেখার মূল কথাটাও প্রমাণ করে দেবে।
-
১
ip6.bd খুলে DNS অংশে রিজলভারের নামটি দেখুন। নতুন প্রদানকারীর নাম এলে বুঝবেন বদল কার্যকর হয়েছে; পুরোনো নাম থাকলে cache এখনো মোছেনি বা সেটিংস সেভ হয়নি।
-
২
একই পাতায় DNSSEC-এর অবস্থাটিও দেখে নিন। যাচাই চালু আছে দেখালে বুঝবেন উত্তরগুলো জাল কি না তা পরীক্ষা করা হচ্ছে।
-
৩
এবার একই পাতায় ডাউনলোড টেস্ট চালিয়ে আগের সংখ্যার সাথে মিলিয়ে নিন। প্রায় একই থাকবে — আর ওটাই হাতে-কলমে প্রমাণ যে DNS গতির জিনিস নয়।
সাধারণ কিছু প্রশ্ন
DNS বদলালে কি ইন্টারনেটের স্পিড বাড়ে?
না। প্যাকেজে যত ব্যান্ডউইথ আছে, DNS বদলে তার এক বিটও বাড়ে না। যা কমতে পারে তা হলো নতুন কোনো সাইটে প্রথমবার ঢোকার সময়ের সামান্য দেরিটুকু — মিলিসেকেন্ডের হিসাব।
তাহলে অনেকে বলেন বদলানোর পর দ্রুত হয়েছে — সেটা কী?
বেশিরভাগ ক্ষেত্রে দুটোর একটি। হয় আগের রিজলভারটি সত্যিই ধীর বা মাঝেমধ্যে মরে যাচ্ছিল, ফলে পেজ আটকে থাকত — সেটি সারলে সবকিছু ঝরঝরে মনে হয়। অথবা বদলানোর পর ব্রাউজার আর ডিভাইসের cache খালি হয়ে গিয়ে প্রথম কিছুক্ষণ অন্যরকম লাগে।
গেমের ping কি কমবে?
না। ping মাপা হয় আপনার ডিভাইস থেকে গেম সার্ভার পর্যন্ত, আর ওই পথে DNS কোথাও নেই। গেম চালু হওয়ার আগে একবার নাম খোঁজা হয়, তারপর সারা ম্যাচে DNS-এর আর কোনো ভূমিকা থাকে না।
ISP-র DNS কি তাহলে খারাপ?
সাধারণত না। বরং দেশের ভেতরের ক্যাশ সার্ভারে সে-ই সবচেয়ে ভালো পথ দেখায়, ফলে YouTube বা বড় সাইটগুলো দ্রুত আসে। সমস্যা হয় তখনই, যখন রিজলভারটি অনিয়মিতভাবে সাড়া দেয়। এমন হলে বদলে দেখাই ঠিক।
DNS বদলালে কি গোপনীয়তা বাড়ে?
আংশিক। আপনি কোন নাম খুঁজছেন, সেটি কে দেখতে পাচ্ছেন — শুধু সেটুকুই বদলায়, দেখাটা বন্ধ হয় না। এনক্রিপশন (DoH বা DoT) ব্যবহার না করলে পথেও প্রশ্নটি খোলা থাকে। আর আপনি কোন সার্ভারে যাচ্ছেন সেটি এমনিতেও বোঝা যায়, কারণ সংযোগটি তো ওই ঠিকানাতেই যায়।
দুই ঘরে দুই কোম্পানির DNS দেওয়া যায়?
যায়, কাজও করে। তবে তখন আচরণটা অনিয়মিত হয়ে যায় — যেটি আগে উত্তর দেয় সেটিই চলে। ফিল্টারিংয়ের জন্য DNS ব্যবহার করলে এতে ফাঁক তৈরি হয়, কারণ অর্ধেক প্রশ্ন ফিল্টারহীন রিজলভারে চলে যেতে পারে। তাই দুই ঘরে একই প্রদানকারীর দুটো ঠিকানা দেওয়াই নিয়ম।
বদলানোর পরও পুরোনো রিজলভারই দেখাচ্ছে
পুরোনো উত্তর এখনো cache-এ আছে। Windows-এ ipconfig /flushdns চালান, ফোনে ওয়াই-ফাই একবার বন্ধ করে চালু করুন, আর রাউটারে বদলে থাকলে রাউটারটি একবার রিস্টার্ট দিন। ব্রাউজারও নিজের আলাদা cache রাখে, তাই ব্রাউজারটিও বন্ধ করে খুলুন।
বদলানোর পর কিছু সাইট বা ভিডিও ধীর হয়ে গেছে
এটিই উপরে বলা CDN রুটিংয়ের ব্যাপার — নতুন রিজলভার আপনাকে দূরের সার্ভারে পাঠাচ্ছে। সেটিংস Automatic-এ ফিরিয়ে দিয়ে একই ভিডিও আবার চালিয়ে দেখুন। ISP-র DNS-এ ভালো চললে সেটিতেই থাকুন।
কোনো সাইটই আর খুলছে না
ঠিকানা লেখায় ভুল হয়েছে, অথবা শুধু একটি DNS বসানো হয়েছে আর সেটি সাড়া দিচ্ছে না। ঠিকানাগুলো অঙ্ক ধরে ধরে মিলিয়ে নিন, দুটো ঘরই পূরণ করুন। ঠিক করতে না পারলে সেটিংস Automatic-এ ফিরিয়ে দিলেই ইন্টারনেট ফিরে আসবে।
অ্যান্ড্রয়েডের Private DNS-এ 1.1.1.1 নিচ্ছে না
ওই ঘরে সংখ্যার ঠিকানা চলে না, হোস্টনেম লাগে। one.one.one.one, dns.google বা dns.quad9.net লিখুন। সংখ্যা দিয়েই দিতে চাইলে Wi-Fi সেটিংসে গিয়ে IP settings Static করে সেখানকার DNS ঘরে বসাতে হবে।
অফিস বা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে বদল কাজ করছে না
অনেক প্রতিষ্ঠানের নেটওয়ার্ক DNS-এর ট্রাফিক নিজেদের সার্ভারেই ঘুরিয়ে দেয়, ফলে ডিভাইসে যা-ই বসান কাজ হয় না। এটি ইচ্ছাকৃত ব্যবস্থা — ওখানে প্রতিষ্ঠানের DNS-ই ব্যবহার করতে হবে।
রাউটারে DNS বসানোর ঘরই খুঁজে পাচ্ছি না
ISP-র দেওয়া কিছু সাধারণ ONU বা এন্ট্রি-লেভেল রাউটারে অপশনটি থাকে না, কিংবা অ্যাডমিন অ্যাকাউন্টে লুকানো থাকে। আগে ফার্মওয়্যার আপডেট আছে কি না দেখুন; না থাকলে প্রতিটি ডিভাইসে আলাদা করে বসানো ছাড়া উপায় নেই।